আগরতলা, ১৩ ডিসেম্বর ২০২৫ঃ
ত্রিপুরা পর্যটনের প্রচারে আগরতলায় আয়োজিত ইউনিটি প্রমো ফেস্টে শুক্রবার সন্ধ্যায় প্রবল ভিড়ের জেরে চরম বিশৃঙ্খলা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশ সাধারণ দর্শকদের উপর লাঠিচার্জ করে, এতে অন্তত ১০ জন আহত হন বলে জানা গেছে।
আগরতলা আস্তাবল ময়দানে আয়োজিত এই ফেস্ট উপলক্ষে ত্রিপুরা পর্যটন নিগমের তরফে প্রায় ৪০ হাজার পাস জারি করা হয়। শুরু থেকেই অভিযোগ উঠছিল, এত সংখ্যক দর্শক ধারণ করার মতো পরিকাঠামো আস্তাবল ময়দানে নেই। সন্ধ্যার পর দর্শকের সংখ্যা দ্রুত বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এক পর্যায়ে পুলিশ মাঠে প্রবেশ বন্ধ করে দেয়।
দর্শকদের অভিযোগ, পর্যটন দপ্তরের জারি করা পাস থাকা সত্ত্বেও পুলিশ তাদের মাঠে ঢুকতে দেয়নি। এমনকি ভিআইপি ও ভিভিআইপি পাসধারীদেরও প্রবেশে বাধা দেওয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন দর্শকরা। অভিযোগ অনুযায়ী, এই সময় শাসক দলের কয়েকজন নেতা ও মন্ত্রী, রতন লাল নাথ ও কল্যাণী রায় পুলিশের সামনেই নিজেদের পরিচিতদের মাঠে ঢুকিয়ে দিলে সাধারণ দর্শকদের ক্ষোভ আরও বেড়ে যায়।
এরপর পুলিশের বিরুদ্ধে গালিগালাজ ও বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব নাথ এবং পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরার নেতৃত্বে টিএসআর জওয়ানরা মাঠের বাইরে এসে সাধারণ দর্শকদের উপর লাঠিচার্জ চালান বলে অভিযোগ।
লাঠিচার্জে এক দর্শকের মাথা ফেটে যায় এবং আরও অন্তত ৯ জন যুবক-যুবতী আহত হন। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
এই ঘটনায় এখনও পর্যন্ত পুলিশ বা রাজ্য সরকারের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইউনিটি প্রমো ফেস্টের নামে প্রশাসনিক অব্যবস্থাপনার কারণে আগরতলায় সৃষ্ট এই বিশৃঙ্খলা নিয়ে সামাজিক মাধ্যমে সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা শুরু হয়েছে।