আগরতলা, ১৪ ডিসেম্বর, ২০২৫ঃ
ত্রিপুরায় আবারও জাতীয় সন্তোষ ট্রফির ফুটবলের উত্তেজনা। ৭৯তম জাতীয় সন্তোষ ট্রফির আটটি গ্রুপের মধ্যে ডি গ্রুপের ম্যাচ আগামী ১৫ ডিসেম্বর থেকে আগরতলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। স্বাগতিক ত্রিপুরার পাশাপাশি এই গ্রুপে অংশ নিচ্ছে মনিপুর, মিজোরাম ও নাগাল্যান্ড।
উল্লেখ্য, প্রথমবার ২০১৮ সালে ত্রিপুরায় জাতীয় সন্তোষ ট্রফির আসর অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ২০২৪ সালে ৭৮তম সন্তোষ ট্রফির ডি গ্রুপের খেলাও আগরতলায় আয়োজিত হয়েছিল। ধারাবাহিকভাবে এবারও আগরতলায় জাতীয় স্তরের ফুটবল ম্যাচ আয়োজন করতে চলেছে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন।
ইতিমধ্যেই বাইরের তিনটি দলসহ ম্যাচ কমিশনার ইমরান খান, রেফারি এসেসর অজিত মেইতি, চারজন রেফারি ও চারজন অ্যাসিস্ট্যান্ট রেফারি আগরতলায় পৌঁছে গেছেন। ত্রিপুরা রাজ্য দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন জাবেদা ডারলং এবং সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন ভক্ত সাধন জমাতিয়া।
সূচি অনুযায়ী প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৫ ডিসেম্বর দুপুর ২টা ৩০ মিনিটে প্রথম ম্যাচ এবং সন্ধ্যা ৭টায় দ্বিতীয় ম্যাচ হবে। একইভাবে ১৭ ও ১৯ ডিসেম্বরও গ্রুপের বাকি ম্যাচগুলি অনুষ্ঠিত হবে। ডি গ্রুপের চ্যাম্পিয়ন দলসহ মোট আটটি গ্রুপ চ্যাম্পিয়নকে নিয়ে পরবর্তী ফাইনাল রাউন্ডের খেলাগুলি আসামে অনুষ্ঠিত হবে।