আগরতলা, ১৪ ডিসেম্বর, ২০২৫ঃ
ত্রিপুরায় এসে পৌঁছাল ভারতীয় সেনাবাহিনীর ঐতিহ্যবাহী ৭৩ মাউন্টেন ব্রিগেড। শনিবার ব্রিগেডিয়ার ধীরাজ সিং রাজভবনে গিয়ে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। রাজভবন সূত্রে জানা গেছে, প্রায় আধ ঘণ্টা ধরে চলা এই বৈঠকে রাজ্য ও বাংলাদেশ-সংলগ্ন সীমান্ত এলাকার বিভিন্ন নিরাপত্তাজনিত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বাংলাদেশে নির্বাচন ঘোষণার আগে যুদ্ধে দক্ষ এই মাউন্টেন ব্রিগেডের রাজ্যে আগমনকে কেন্দ্র করে নানা আলোচনা শুরু হয়েছে। কয়েকদিন আগেই ভারতীয় সেনাবাহিনীর ১২ সদস্যের একটি দল কৈলাসহর সীমান্ত-সহ বিভিন্ন সীমান্ত এলাকা পরিদর্শন করে। ওই দলটি সীমান্ত এলাকার খোঁজখবর নেয় এবং বাংলাদেশ সংলগ্ন একাধিক সীমান্ত এলাকা ঘুরে দেখে।
বাংলাদেশে নির্বাচন ঘোষণা হওয়ার পর, বিশেষ করে হাসিনা সরকারকে উৎখাতের পর থেকে ভোটকে কেন্দ্র করে নানা জল্পনা তৈরি হয়েছে। রাজ্যের তিন দিকেই বাংলাদেশ থাকায় ওপারের পরিস্থিতি অবনতি হলে তার প্রভাব এপারেও পড়তে পারে বলে মনে করা হচ্ছে।
এই সম্ভাবনার কথা মাথায় রেখে সীমান্তে বিএসএফের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। পাশাপাশি, সীমান্ত এলাকায় নজরদারি চালাচ্ছে রাজ্য পুলিশও। এমন প্রেক্ষাপটে বিশিষ্ট সেবা মেডেলপ্রাপ্ত ৭৩ ব্যাটেলিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার ধীরাজ সিং-এর রাজ্যে আগমনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা।