আগরতলা, ১৫ ডিসেম্বর ২০২৫ঃ
ত্রিপুরার চা শিল্পের সার্বিক উন্নয়ন এবং দেশজুড়ে ‘ত্রিপুরা টি’-র জনপ্রিয়তা বাড়ানোর লক্ষ্যে ত্রিপুরা টি ডেভেলপমেন্ট কর্পোরেশন ও টি বোর্ড অব ইন্ডিয়ার যৌথ উদ্যোগে আগামী ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলেছে বার্ষিক ‘রান ফর টি ২০২৫’।
এই দৌড় প্রতিযোগিতা শুরু হবে সকাল ৬টা ৩০ মিনিটে আগরতলার বীরচন্দ্র রাজ্য কেন্দ্রীয় গ্রন্থাগার প্রাঙ্গণ থেকে। পূর্ববর্তী বছরগুলির মতোই এই কর্মসূচির মাধ্যমে রাজ্যের সমৃদ্ধ চা ঐতিহ্য সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং জাতীয় স্তরে ত্রিপুরার চায়ের গ্রহণযোগ্যতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
পুরুষ ও মহিলা অংশগ্রহণকারীদের জন্য আলাদা করে ৩ কিলোমিটার দৌড়ের আয়োজন করা হয়েছে। আয়োজকদের আশা, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ২০০ জন তরুণ-তরুণী এই প্রতিযোগিতায় অংশ নেবেন। উভয় বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীরা যথাক্রমে ৫,০০০ টাকা, ৩,০০০ টাকা ও ২,০০০ টাকা নগদ পুরস্কার ও শংসাপত্র পাবেন। এছাড়াও আরও ১০ জন অংশগ্রহণকারীকে ১,০০০ টাকা করে সান্ত্বনা পুরস্কার দেওয়া হবে।
দৌড় প্রতিযোগিতার পাশাপাশি একটি ওপেন র্যালিরও আয়োজন করা হয়েছে, যেখানে প্রায় ২,০০০ নাগরিক অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। এই র্যালির মাধ্যমে ত্রিপুরার চা সংস্কৃতি নিয়ে ঐক্য ও গর্বের বার্তা আরও বিস্তৃত হবে।
এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন শিল্পমন্ত্রী সন্তানা চাকমা।