আগরতলা, ১৫ ডিসেম্বর, ২০২৫ঃ
কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও টেকসই কৃষি ব্যবস্থার লক্ষ্যে ত্রিপুরা জুড়ে শুরু হয়েছে মাটির স্বাস্থ্য পরীক্ষা। ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের ডিজিটাল কৃষি মিশনের অধীনে ন্যাশনাল সয়েল অ্যান্ড ল্যান্ড ইউজ সার্ভে অব ইন্ডিয়ার অধীনস্থ একটি সংস্থাকে দিয়ে এই কাজ শুরু করা হয়েছে।
কলকাতার এই সংস্থা ধলাই জেলায় সমীক্ষার কাজ শেষ করে খোয়াই জেলায় কাজ শুরু করেছে। আশারামবাড়ি, বনবাজার, চামুবস্তি, বিদ্যাবিলসহ একাধিক সীমান্ত গ্রামে ইতিমধ্যেই সমীক্ষা সম্পন্ন হয়েছে। বর্তমানে খোয়াই কৃষি মহকুমার বিভিন্ন গ্রামে সার্ভের কাজ চলছে। খোয়াই চেবরী দিব্যোদয় কৃষি বিজ্ঞান কেন্দ্রের একাধিক স্থানে প্রায় পাঁচ ফুট গভীরতা পর্যন্ত মাটি খনন করে নমুনা সংগ্রহ ও স্বাস্থ্য বিশ্লেষণের কাজ করা হচ্ছে।
সংস্থার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ওমকার কুমার জানান, এই সমীক্ষার মাধ্যমে ভূমির ক্ষমতা, ফসলের উপযুক্ততা, মৃত্তিকার স্বাস্থ্য, রাসায়নিক ও ভৌত বৈশিষ্ট্যের বিস্তারিত তথ্য উঠে আসবে। সংগৃহীত সব তথ্য ভারত সরকারের হাতে তুলে দেওয়া হবে।
এই তথ্যের ভিত্তিতে ভবিষ্যতে বন মানচিত্র, ভূতাত্ত্বিক মানচিত্র, ভিত্তি মানচিত্র, জলবায়ু সংক্রান্ত তথ্য এবং মাটির ভূ-প্রকৃতি নির্ভর ডিজিটাল মৃত্তিকা মানচিত্র তৈরি করা সহজ হবে। এর ফলে দেশের কোন অঞ্চলের মাটি কোন ধরনের কৃষির জন্য উপযুক্ত, সে বিষয়ে নীতি নির্ধারণেও বড় সহায়তা মিলবে বলে জানান তিনি।
১০ বছর পর গোটা দেশ জুড়ে এই ধরনের বিস্তৃত মাটি পরীক্ষা চালানো হচ্ছে।