আগরতলা, ১৬ ডিসেম্বর, ২০২৫ঃ
ত্রিপুরার জিরানিয়া থেকে বোধজংনগর পর্যন্ত নতুন রেললাইন স্থাপনের লক্ষ্যে ফাইনাল লোকেশন সার্ভে পরিচালনার অনুমোদন দিল কেন্দ্রীয় সরকারের রেল মন্ত্রক। উত্তর-পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ এক বিবৃতিতে যারা, প্রস্তাবিত জিরানিয়া থেকে বোধজংনগর রেলপথের দৈর্ঘ্য হবে প্রায় ১৪ কিলোমিটার এবং জরিপের আনুমানিক খরচ ধরা হয়েছে ৪২ লক্ষ টাকা। বোধজংনগরে রাবার, বাঁশ এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণভিত্তিক একাধিক শিল্প গড়ে উঠেছে। প্রস্তাবিত রেললাইন চালু হলে শিল্পজাত পণ্য পরিবহনের জন্য একটি কার্যকর রেল করিডোর তৈরি হবে। এর ফলে শিল্পের সঙ্গে যুক্ত ব্যবসায়ী মহলসহ রাজ্যের সাধারণ মানুষ বিশেষভাবে উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।
এই জরিপ সম্পন্ন হওয়ার পর নতুন রেললাইন নির্মিত হলে পশ্চিম জেলার পাশাপাশি পার্শ্ববর্তী জেলাগুলিতেও শিল্প উন্নয়নের নতুন সম্ভাবনা তৈরি হবে। একই সঙ্গে স্থানীয় অর্থনীতির উন্নতি ঘটবে এবং সমগ্র অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে।
এই সিদ্ধান্তকে রাজ্যে রেল পরিকাঠামো শক্তিশালী করা এবং শিল্পনগরী বোধজংনগরের সার্বিক শিল্প উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এই গুরুত্বপূর্ণ উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছেন রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী।