আগরতলা, ১৬ ডিসেম্বর, ২০২৫ঃ
বিনিয়োগ আকর্ষণ বাড়াতে পতাঞ্জলি যোগপীঠ ট্রাষ্ট্রের সঙ্গে একটি মৌ চুক্তি স্বাক্ষর করল ত্রিপুরা সরকার।
এই মৌ চুক্তির আওতায় জীববৈচিত্র্য সংরক্ষণ, বাঁশ ও আগরভিত্তিক ভ্যালু চেইন, আয়ুষ ও ওয়েলনেস, দক্ষতা উন্নয়ন, জনজাতি কল্যাণ, কৃষি প্রযুক্তি, পর্যটন, তথ্যপ্রযুক্তি এবং গ্রামীণ জীবিকা সৃষ্টিসহ একাধিক ক্ষেত্রে যৌথভাবে কাজ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
এর পাশাপাশি ত্রিপুরা সরকারের বন দপ্তর ও পতাঞ্জলি যোগপীঠ ট্রাস্টের মধ্যে একটি পৃথক ক্ষেত্রভিত্তিক মৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মূল লক্ষ্য বন ও কৃষি-বনভিত্তিক ভ্যালু চেইনের উন্নয়ন এবং বনায়ন ক্ষেত্রে গবেষণা ও উদ্ভাবনকে আরও শক্তিশালী করা।
এই চুক্তির আওতায় আগর কাঠ নিয়ে বৈজ্ঞানিক গবেষণা, বনসম্পদের ডিজিটাইজেশন ও ম্যাপিং, নৈতিক ও টেকসই বৈশ্বিক বিপণন ব্যবস্থার উন্নয়ন, বনজ উৎপাদনের মূল্য সংযোজন এবং জীববৈচিত্র্য অনুসন্ধানের মতো বিষয়গুলি অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি গবেষণা কেন্দ্র, বীজ ব্যাংক এবং ওয়েলনেসকেন্দ্রিক ইকো-ট্যুরিজম পরিকাঠামো গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে।
এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের পর এদিন মুখ্যমন্ত্রী মানিক সাহা সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, এই মৌ ত্রিপুরার সম্ভাবনা উন্মোচনের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।