আগরতলা, ১৬ ডিসেম্বর, ২০২৫ঃ
বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মরণে ত্রিপুরায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো বিজয় দিবস। এই উপলক্ষে আগরতলার অ্যালবার্ট এক্কা ওয়ার মেমোরিয়ালে এক বিশেষ শ্রদ্ধানুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। অনুষ্ঠানে রাজ্যপাল, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের কথা স্মরণ করে বলেন, দেশরক্ষায় সেনাদের সাহস, শৌর্য ও আত্মত্যাগ আজও জাতির কাছে অনুপ্রেরণার উৎস।
বক্তারা বলেন, বিজয় দিবস শুধুমাত্র একটি ঐতিহাসিক দিন নয়, এটি দেশের সার্বভৌমত্ব, বীরত্ব ও আত্মত্যাগের প্রতীক। শহিদ সেনাদের আত্মবলিদানের কারণেই আজ দেশ নিরাপদ ও স্বাধীনভাবে এগিয়ে চলেছে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের উচ্চশিক্ষা মন্ত্রী কিশোর বর্মনসহ সেনাবাহিনী, আধাসামরিক বাহিনী ও রাজ্য পুলিশের ঊর্ধ্বতন আধিকারিকরা। পাশাপাশি প্রশাসনিক কর্তারা, প্রাক্তন সেনাকর্মী, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও সাধারণ মানুষও অনুষ্ঠানে অংশ নেন।
সকালে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। রাজ্যপাল শহিদ জওয়ানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তাঁদের আত্মবলিদানের অমর স্মৃতি স্মরণ করেন।