আগরতলা, ১৭ ডিসেম্বর, ২০২৫ঃ
জাতীয় মান নিশ্চয়তা মানদণ্ড, এনকিউএএস সার্টিফিকেশন অর্জনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করল ত্রিপুরা। রাজ্যের মোট সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের ৫০.৫৩ শতাংশ ইতিমধ্যেই এনকিউএএস সার্টিফিকেশন লাভ করেছে। নির্ধারিত সময়সীমার মধ্যেই লক্ষ্যমাত্রা পূরণ করায় ত্রিপুরা দেশের শীর্ষ তিনটি অগ্রণী রাজ্যের মধ্যে স্থান করে নিয়েছে।
২০২৩ সালের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত জাতীয় সম্মেলনে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে, ডিসেম্বর ২০২৫-এর মধ্যে ৫০ শতাংশ এবং ডিসেম্বর ২০২৬-এর মধ্যে রাজ্যের ১০০ শতাংশ সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানকে এনকিউএএস সার্টিফিকেশনের আওতায় আনতে হবে। সেই লক্ষ্য সামনে রেখে রাজ্য সরকারের সচিব কিরণ গিত্যের নেতৃত্বে এবং স্বাস্থ্য দপ্তরের দিকনির্দেশনায় জাতীয় স্বাস্থ্য মিশন, ত্রিপুরা কার্যক্রম শুরু করে।
এই উদ্যোগের অংশ হিসেবে রাজ্য ও জেলা স্তরে গুণমান নিশ্চয়তা কমিটি গঠন করা হয়। জেলাশাসকদের সভাপতিত্বে গঠিত এই কমিটিগুলি স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নে নিয়মিত নজরদারি ও সমন্বিতভাবে কাজ করে। রাজ্য ও জেলা কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের নিরলস ও সম্মিলিত প্রচেষ্টার ফলেই এই সাফল্য এসেছে বলে জানানো হয়েছে।
বর্তমানে ত্রিপুরা রাজ্যের মোট ৯৭১টি সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের মধ্যে ৪৯১টি প্রতিষ্ঠান এনকিউএএস সার্টিফিকেশন অর্জন করেছে, যা মোটের ওপর ৫০.৫৩ শতাংশ। এর মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যেই লক্ষ্যমাত্রা পূরণ করে দমন ও দিউ এবং অন্ধ্রপ্রদেশের সঙ্গে একত্রে ত্রিপুরা দেশের শীর্ষ তিন রাজ্যের তালিকায় স্থান পেয়েছে।