আগরতলা, ১৭ ডিসেম্বর, ২০২৫ঃ
ত্রিপুরা চা উন্নয়ন নিগমের উদ্যোগে এবং ভারতীয় চা পর্ষদের সহায়তায় প্রতিবছরের ন্যায় এ বছরও আয়োজিত হল ‘রান ফর টি ২০২৫’। এই প্রতিযোগিতার সূচনা করেন শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা। ‘রান ফর টি’-র মূল উদ্দেশ্য হল ত্রিপুরার চা শিল্পের সার্বিক উন্নয়ন, সর্বস্তরে ‘ত্রিপুরার চা’-এর গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা বৃদ্ধি এবং রাজ্যের বিভিন্ন স্তরের ক্রীড়াবিদদের উৎসাহিত করা। সেই লক্ষ্যকে সামনে রেখেই প্রতিবছরের মতো এ বছরও এই ওপেন র্যালির আয়োজন করা হয়।
অনুষ্ঠান উপলক্ষে শিল্পমন্ত্রী সান্তনা চাকমা সামাজিক মাধ্যমে এক বার্তায় জানান, চা শিল্প ত্রিপুরার অর্থনীতির মেরুদণ্ড। রাজ্য সরকার চা শিল্পের বিকাশে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে চা শ্রমিকদের দৈনন্দিন মজুরি বৃদ্ধি, চা চাষীদের সহযোগিতা, চা প্রক্রিয়াকরণ শিল্পের উন্নয়ন এবং চা পর্যটনের প্রসার। সরকারের লক্ষ্য ত্রিপুরার চা শিল্পকে আন্তর্জাতিক স্তরে আরও উচ্চতায় পৌঁছে দেওয়া এবং চা শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নত করা।
আয়োজকদের মতে, ‘রান ফর টি ২০২৫’ ত্রিপুরার চা শিল্পকে বিশ্বের দরবারে নতুনভাবে তুলে ধরার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হবে।