আগরতলা, ১৭ ডিসেম্বর, ২০২৫ঃ
ত্রিপুরার কৃতি ক্রিকেটার মনি শংকর মুরাসিংকে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, টিটিএএডিসি কর্তৃপক্ষের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করার দাবি জানালেন রাজপরিবারের সদস্য প্রদ্যোত কিশোর দেববর্মা। পাশাপাশি, পার্বত্য ত্রিপুরায় ক্রিকেট খেলার প্রসার ও যুব সমাজকে উৎসাহিত করতে মনি শংকর মুরাসিংকে সক্রিয়ভাবে কাজে লাগানোর জন্য টিটিএএডিসি কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানান তিনি।
সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় প্রদ্যোত কিশোর দেববর্মা বলেন, “আইপিএল হোক বা না হোক, মনি শংকর মুরাসিং আমাদের সবাইকে গর্বিত করেছে। আমাদের উচিত তাকে যথাযথ স্বীকৃতি দেওয়া।” তাঁর মতে, মনি শংকরের সাফল্য ত্রিপুরার তরুণ প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছে।
উল্লেখ্য, মনি শংকর মুরাসিং ত্রিপুরার অন্যতম সফল ক্রিকেটার। তিনি ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করে রাজ্যের নাম উজ্জ্বল করেছেন এবং অলরাউন্ডার হিসেবে জাতীয় স্তরেও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তাঁর সংগ্রাম ও সাফল্যের কাহিনি পাহাড়ি ও প্রত্যন্ত এলাকার তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলছে বলে মনে করছেন রাজ্যের ক্রীড়া মহলের একাংশ।