আগরতলা, ১৮ ডিসেম্বর, ২০২৫ঃ
ত্রিপুরার পর্যটন পরিকাঠামো উন্নয়নের পথে আরও এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করল রাজ্য। বৃহস্পতিবার মাতাবাড়ি ট্যুরিস্ট সার্কিট প্রকল্পটি কেন্দ্রীয় উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রক, ডোনার মন্ত্রীর সামনে পেশ করা হয়। এই বৈঠকে মোট ২১টি প্রকল্প অনুমোদিত হয়েছে, যার মোট আর্থিক মূল্য ৪৫১ কোটি।
অনুমোদিত প্রকল্পগুলির মধ্যে ২৬৭.৫ কোটি টাকা বরাদ্দ করবে কেন্দ্রীয় ডোনার মন্ত্রক। বাকি অর্থ রাজ্য সরকার, কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ মডেলের মাধ্যমে সংগ্রহ করা হবে।
এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে ত্রিপুরার পর্যটন পরিকাঠামো আরও মজবুত হবে এবং রাজ্যে পর্যটনের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।
বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে এই তথ্য জানিয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, কেন্দ্রীয় ডোনার মন্ত্রী এবং ত্রিপুরা পর্যটন দপ্তরের প্রতি তিনি কৃতজ্ঞ, যাঁদের নিরবচ্ছিন্ন সহযোগিতা ও সমর্থনে এই অগ্রগতি সম্ভব হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির দূরদর্শী নেতৃত্বে ত্রিপুরা উন্নয়ন ও সামগ্রিক অগ্রগতির পথে এগিয়ে চলেছে।