আগরতলা, ১৯ ডিসেম্বর, ২০২৫ঃ
বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, জেহাদী গোষ্ঠীর ভারতবিরোধী বক্তব্য এবং ভারত–বাংলাদেশ সীমান্ত এলাকার নিরাপত্তা ও ব্যবস্থাপনা খতিয়ে দেখতে শুক্রবার দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া মুহুরী চর সহ সীমান্তবর্তী এলাকায় সরেজমিনে পরিদর্শন করেন ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিক।
সূত্রের খবর, এদিন সকাল সাড়ে দশটা নাগাদ ইস্টার্ন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং-ইন-চিফ লেফটেন্যান্ট জেনারেল আর সি তেওয়ারি সহ সেনা ও বিএসএফ শীর্ষ আধিকারিকরা দুটি হেলিকপ্টারে বিলোনিয়া বিদ্যাপীঠ মাঠে অবতরণ করেন। সেখান থেকে তাঁরা সরাসরি বিলোনিয়া বিএসএফ ক্যাম্পে যান।
বিএসএফ ক্যাম্পে প্রায় ১০ থেকে ১৫ মিনিট অবস্থান করে সীমান্তের সামগ্রিক পরিস্থিতি পরিদর্শন করেন সেনা কর্তারা। এ সময় সীমান্ত নিরাপত্তা, নজরদারি ব্যবস্থা, সম্ভাব্য চ্যালেঞ্জ এবং সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিএসএফ আধিকারিক ও স্থানীয় নিরাপত্তা প্রশাসনের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়।
সীমান্তের ওপারে চলমান উত্তপ্ত পরিস্থিতির প্রেক্ষিতে এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির প্রভাব যাতে ভারতের সীমান্ত নিরাপত্তায় না পড়ে, সেই বিষয়টি মাথায় রেখেই অভ্যন্তরীণ প্রস্তুতি ও ব্যবস্থাপনা খতিয়ে দেখার উদ্দেশ্যে এই পরিদর্শন করা হয়েছে বলে সূত্রে জানা গেছে।