আগরতলা, ১৯ ডিসেম্বর, ২০২৫ঃ
সিপাহীজলা জেলার সোনামুড়া বক্সনগর এলাকার কাঁটাতারবিহীন ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা পরিদর্শন ও সার্বিক পরিস্থিতি পর্যালোচনায় শুক্রবার বক্সনগর সফরে যান রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। সফরের অঙ্গ হিসেবে তিনি ব্লক প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক কর্মশালা ও সভায় অংশগ্রহণ করেন।
প্রথমে রাজ্যপাল বক্সনগর ব্লকের অন্তর্গত দয়ালপাড়া ঝড়াজলা স্কুল মাঠে আয়োজিত সভায় যোগ দেন। সভায় উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার জেলাশাসক ডক্টর সিদ্ধার্থ জসওয়াল, পুলিশ সুপার বিজয় দেববর্মা, বক্সনগর বিধানসভার বিধায়ক তফাজ্জল হোসেন সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা।
সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল জানান, কাঁটাতার না হওয়া সীমান্ত এলাকা এবং ওইসব অঞ্চলের মানুষের সঙ্গে সরাসরি কথা বলার উদ্দেশ্যেই তাঁর এই বক্সনগর সফর। তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক অবস্থা এবং রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প কতটা সঠিকভাবে জনগণের কাছে পৌঁছেছে, সে বিষয়ে খোঁজখবর নেন।
সভা শেষে রাজ্যপাল বক্সনগর বিএসএফ ক্যাম্প পরিদর্শনে যান। সেখানে তিনি সীমান্তরক্ষী বাহিনীর আধিকারিকদের সঙ্গে সীমান্ত নিরাপত্তা, নজরদারি ব্যবস্থা ও সামগ্রিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।