আগরতলা, ২০:ডিসেম্বর, ২০২৫ঃ
আত্মসমর্পণের শর্ত পূরণের দাবিতে আগামী ২২ ডিসেম্বর বড়মুড়ায় জাতীয় সড়ক অবরোধ কর্মসূচির ঘোষণা দিলেন আত্মসমর্পণকারী প্রাক্তন বৈরীরা। এই আন্দোলন কর্মসূচির ডাক দিয়েছে প্রাক্তন বৈরীদের সংগঠন, ডিআরএমসি, জেএসি, জেএআরসি ও ডিআরএমসি’র যৌথ মঞ্চ।
তাদের দাবি, ২০০৭ সালে পূর্বতন বামফ্রন্ট সরকার স্বাভাবিক জীবনে ফিরে আসা প্রাক্তন গেরিলাদের কল্যাণে বিআরপি স্কিম নামে ৪৫ কোটি টাকার একটি পুনর্বাসন প্রকল্প চালু করেছিল। ওই প্রকল্পের আওতায় ২২ কোটি টাকার কাজ ইতিমধ্যেই বাস্তবায়িত হলেও বাকি ২৩ কোটি টাকার পুনর্বাসন প্রকল্প এখনও কার্যকর হয়নি। বিভিন্ন সময়ে সরকারের কাছে একাধিক দাবিসনদ ও স্মারকলিপি পেশ করা হলেও এখনও পর্যন্ত কোনও দাবি পূরণ হয়নি। মুখ্যমন্ত্রীর উদ্দেশে দাবিসনদ দেওয়ার পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও রাজ্যের জনজাতি কল্যাণ মন্ত্রীর কাছেও স্মারকলিপি জমা দেওয়া হয়েছিল। কিন্তু সরকারের তরফে কোনও সদর্থক সাড়া না মেলায় প্রাক্তন বৈরীরা চরম দুরবস্থার মধ্যে দিন কাটাচ্ছেন।
এই পরিস্থিতিতে ২২ ডিসেম্বর দাবি আদায়ের লক্ষ্যে আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এর আগেই যদি সরকার দাবিগুলি পূরণ করে, তাহলে কর্মসূচি প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।