আগরতলা, ২০ ডিসেম্বর, ২০২৫ঃ
ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদের, জিএমপি এর ২৩তম কেন্দ্রীয় সম্মেলন আগামী ৮ ও ৯ জানুয়ারি আগরতলায় অনুষ্ঠিত হবে। এই সম্মেলনকে ঘিরে আগরতলায় এক সমাবেশের আয়োজন করা হবে।
জিএমপি এর কেন্দ্রীয় সম্মেলনের প্রস্তুতি কমিটি গঠন করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে প্রস্তুতি কমিটি গঠন করা হয়। প্রস্তুতি কমিটির চেয়ারম্যান করা হয়েছে সিআইটিইউ রাজ্য সভাপতি মানিক দে-কে। কনভেনার হিসেবে দায়িত্ব পেয়েছেন রাধাচরণ দেববর্মা। নরেশ জমাতিয়া, শংকর প্রসাদ দত্ত, প্রণব দেববর্মা, পবিত্র কর ও সমর চক্রবর্তী ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। যুগ্ম কনভেনার হিসেবে রয়েছেন রতন দাস ও অমল চক্রবর্তী। সম্মেলন সফল করতে প্রস্তুতি কমিটির অধীনে সাতটি গুরুত্বপূর্ণ সাব-কমিটিও গঠন করা হয়েছে।
সভায় বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেন, গণমুক্তি পরিষদ রাজ্যে শিক্ষা আন্দোলনের যে দীপশিখা জ্বালিয়েছিল, তার বিস্তারের মধ্য দিয়েই রাজ্যে গণতান্ত্রিক আন্দোলন বিকশিত হয়েছে। এই পথ ধরেই উপজাতি সমাজের আর্থ-সামাজিক উন্নতি সম্ভব হয়েছে। বিভেদ ছড়ানোর ষড়যন্ত্রের বিরুদ্ধে এই সময়ে জি এম পি’র কেন্দ্রীয় সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।