আগরতলা, ২১ ডিসেম্বর, ২০২৫ঃ
নতুন শিক্ষাবর্ষ থেকেই ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ, টিটিএএডিসি এর অধীন সমস্ত বিদ্যালয়ে ককবরক ভাষা শিক্ষায় রোমান লিপি চালু হতে যাচ্ছে। এ বিষয়ে রাজ্য সরকারের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করবে না জেলা পরিষদ। এমনই ঘোষণা করলেন তিপ্রামথা দলের প্রধান প্রদ্যোত কিশোর দেববর্মা।
রবিবার তিপ্রামথা দলের এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান, আগামী শিক্ষাবর্ষ থেকে টিটিএএডিসি এর অধীন ১৬৩৩টি বিদ্যালয়ে তৃতীয় ও চতুর্থ শ্রেণির ককবরক ভাষা পাঠ্যক্রম রোমান লিপিতে পড়ানো হবে। ধাপে ধাপে উচ্চ শ্রেণিতেও এই লিপিতে পাঠ্যক্রম চালু করা হবে।
এদিন দলের পক্ষ থেকে রবীন্দ্র দেববর্মা জানান, গত তিন বছর ধরে উপজাতি জেলা পরিষদের বিদ্যালয়গুলিতে কেজি স্তর থেকে প্রথম ও দ্বিতীয় শ্রেণি পর্যন্ত রোমান লিপিতে ককবরক ভাষা শিক্ষা চালু রয়েছে। এবার সেই ধারাবাহিকতায় আরও দুটি শ্রেণি যুক্ত করা হচ্ছে।
প্রদ্যোত কিশোর বলেন, ককবরক ভাষার লিপি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আদিবাসীদেরই। এই বিষয়ে রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের সিদ্ধান্তের জন্য টিটিএএডিসি অপেক্ষা করবে না। তিনি আরও জানান, ইতিমধ্যেই তিনটি কমিশন ককবরক ভাষার ক্ষেত্রে রোমান লিপি ব্যবহারের সুপারিশ করেছে। তাই এই বিষয়ে বাইরের কারও পরামর্শের প্রয়োজন নেই।
তিনি স্পষ্ট করেন, টিটিএএডিসি সমস্ত আদিবাসী ভাষার সুবিধা অনুযায়ী উপযুক্ত লিপিতে পাঠ্যবই ছাপিয়ে প্রকাশ করবে।