আগরতলা, ২১ ডিসেম্বর, ২০২৫ঃ
বার কাউন্সিল অব ত্রিপুরার নির্বাচন আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এক সাংবাদিক সম্মেলনে নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার, অবসরপ্রাপ্ত বিচারপতি স্বপন চন্দ্র দাস জানান, শুক্রবার নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগামী ২০২৬ সালের ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। খসড়া তালিকা প্রকাশের পরবর্তী সাত দিনের মধ্যে দাবি ও আপত্তি জানানো যাবে। এরপর ১৩ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
নির্বাচনী সূচি অনুযায়ী, ১৫ ও ১৬ জানুয়ারি প্রার্থীরা মনোনয়ন পত্র সংগ্রহ করতে পারবেন। ১৯ জানুয়ারি মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন। ২২ জানুয়ারি মনোনয়ন পত্রের স্ক্রুটিনি সম্পন্ন হবে এবং সেদিন বিকাল ৫টার মধ্যে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
১৪ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গণনা হবে ২১ ও ২২ ফেব্রুয়ারি। রাজ্যের সমস্ত আদালতে প্র্যাকটিসরত আইনজীবীরা এই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। আগামী ২৫ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বার কাউন্সিল অব ত্রিপুরার বর্তমান চেয়ারম্যান রতন দত্ত, সম্পাদক রাণাগোপাল চক্রবর্তী-সহ অন্যান্যরা।