আগরতলা, ২২ ডিসেম্বর, ২০২৫ঃ
ভারত ও প্রতিবেশী দেশগুলির সঙ্গে উত্তর পূর্বাঞ্চলের সংযোগকারী মাল্টিমডেল করিডোরগুলিকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দিলেন মুখ্যমন্ত্রী।উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে পরিকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন নিয়ে সোমবার টাস্ক ফোর্সের তৃতীয় বৈঠক এই মতামত রাখলেন মুখ্যমন্ত্রী।
ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সভাপতিত্বে আয়োজিত এই বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন,
উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির অগ্রগতি ও উন্নয়নের বিপুল সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাকে বাস্তবায়িত করতে হলে পরিকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে রাজ্যগুলিকে কাজ করতে হবে। সড়ক, রেল, বিমান, জলপথ, বিদ্যুৎ, তেল, গ্যাস ও ডিজিটাল সংযোগের ক্ষেত্রে সমস্যাগুলি চিহ্নিত করে পদক্ষেপ নিতে হবে।
মুখ্যমন্ত্রী বৈঠকে উত্তর-পূর্বাঞ্চলের পরিকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার বিকাশের লক্ষ্যে টাস্ক ফোর্সের একটি রূপরেখা উপস্থাপন করেন। তিনি জানান, বর্তমান পরিস্থিতি, বিদ্যমান প্রতিবন্ধকতা এবং ভবিষ্যৎ সম্ভাবনাকে বিবেচনায় রেখেই এই রূপরেখা প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি রিজিওনাল ইনফ্রাস্ট্রাকচার ম্যাক্রো গ্রিড, বিদ্যুৎ, তেল ও প্রাকৃতিক গ্যাস, পর্যটন, সীমান্ত বাণিজ্যসহ বিভিন্ন সম্ভাবনাময় ক্ষেত্রের ওপর গুরুত্ব আরোপ করা হয়।