আগরতলা, ২২ ডিসেম্বর, ২০২৫ঃ
ত্রিপুরা গিগ ওয়ার্কার্স ইউনিয়নের উদ্যোগে সোমবার আগরতলার অফিস লেন এলাকায় অবস্থিত শ্রম দপ্তরের সামনে গিগ কর্মীদের বিভিন্ন ন্যায্য দাবিকে সামনে রেখে বিক্ষোভ প্রদর্শন করা হয়। বিক্ষোভ কর্মসূচিতে সিটু অন্তর্ভুক্ত গিগ ওয়ার্কার্স ইউনিয়নের সদস্যরা অংশগ্রহণ করেন। পরে শ্রম দপ্তরের আধিকারিকদের উদ্দেশ্যে একটি ডেপুটেশন জমা দেওয়া হয়।
বিক্ষোভকারীদের অভিযোগ, রাজ্যে বিভিন্ন অনলাইন ডেলিভারি সংস্থায় কর্মরত গিগ কর্মীরা দীর্ঘদিন ধরেই নিরাপত্তাহীনতার মধ্যে কাজ করতে বাধ্য হচ্ছেন। ধর্মনগরে প্রসেনজিৎ সরকার নামে এক ডেলিভারি বয়ের মৃত্যু ও একাধিক জায়গায় ডেলিভারি বয়দের উপর আক্রমণের ঘটনা ঘটেছে, যা গিগ কর্মীদের মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি করেছে। তা সত্ত্বেও প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি করেন আন্দোলনকারীরা।
ডেপুটেশনের মাধ্যমে গিগ ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষ থেকে গিগ কর্মীদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করা, কর্মক্ষেত্রে নিরাপত্তা প্রদান, আক্রান্ত ডেলিভারি কর্মীদের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ ও চিকিৎসার ব্যবস্থা, পাশাপাশি গিগ কর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানানো হয়।