আগরতলা, ২২ ডিসেম্বর, ২০২৫ঃ
দক্ষিণ ত্রিপুরার বিলোনীয়া মহকুমায় গরু চুরির ঘটনা উদ্বেগজনক ভাবে বেড়ে গেছে। গত ১৫ দিনের মধ্যে মহকুমার বিভিন্ন এলাকা থেকে ৩৬টি গরু চুরি গেছে। একের পর এক চুরির ঘটনায় গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।।
এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে মঙ্গলবার সিপিএম বিলোনীয়া মহকুমা কমিটির পক্ষ থেকে জেলাশাসকের কাছে দাবি জানানো হয়। বিলোনীয়া মহকুমার ঋষ্যমুখে গত কয়েকদিন ধরে ব্লকের বিভিন্ন গ্রামে গভীর রাতে বাড়ির গরু চুরি হয়ে যাচ্ছে বলে অভিযোগ। পুলিশ প্রশাসনকে জানানো হলেও, পুলিশ কার্যকর পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ তুলছেন গ্রামবাসীরা।
এই ঘটনার প্রতিবাদে ও অবিলম্বে ব্যবস্থা গ্রহণের দাবিতে ক্ষুব্ধ এলাকার জনগণ দক্ষিণ জেলার অতিরিক্ত পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেন।
গ্রামবাসীদের আরও অভিযোগ, চুরি হওয়া গরুগুলি সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাচার করা হচ্ছে। এই পাচারের সঙ্গে সীমান্তরক্ষী বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।