আগরতলা, ২৪ ডিসেম্বর, ২০২৫ঃ
উত্তর ত্রিপুরার পানিসাগর মহকুমার পেকুছোড়া গ্রামে মঙ্গলবার রাতে ইসলাম ধর্মের ওয়াজ প্রচারের উদ্দেশ্যে আসা একটি প্রচার গাড়িকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, প্রশাসনের কোনো পূর্বানুমতি ছাড়াই হিন্দু অধ্যুষিত এলাকায় মাইকিং করে ওয়াজ প্রচার শুরু করা হচ্ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, পেকুছড়াতে একটি অল্টো গাড়ি থেকে মাইকিং শুরু হয়। বিষয়টি নজরে পড়তেই এলাকাবাসীর একাংশ গাড়িতে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করেন। স্থানীয়দের দাবি, ধর্ম প্রচারে তাদের কোনো আপত্তি নেই, তবে সংবেদনশীল এলাকায় এ ধরনের কর্মসূচি চালানোর আগে প্রশাসনিক অনুমতি থাকা বাধ্যতামূলক। ঠিক সেই সময় আরেকটি গাড়ি করে ১০ থেকে ১৫ জন এসে বাংলাদেশের দিপু দাসের মৃত্যু নিতে মন্তব্য করায় পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। ফলে ক্ষুব্ধ জনতা দুটি গাড়িতে ভাঙচুর চালায়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পানিসাগর থানার পুলিশ এবং পানিসাগর মহকুমার এসডিএম সুশান্ত দেববর্মা। পুলিশ ও মহকুমা প্রশাসনের তৎপরতায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, একটি মাদ্রাসার পক্ষ থেকে ওয়াজ মাহফিল আয়োজনের জন্য অনুমতি চাওয়া হলেও, বর্তমান সাম্প্রদায়িক পরিস্থিতি বিবেচনায় রেখে প্রশাসন সেই অনুমতি দেয়নি।
ঘটনার পর মাইকিংয়ের সঙ্গে যুক্ত চারজনকে পানিসাগর থানায় নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে পানিসাগর মহকুমায় পরিস্থিতি নিয়ন্ত্রণে।