আগরতলা, ২৪ ডিসেম্বর, ২০২৫ঃ
বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর লাগাতার নির্যাতন ও দিপু চন্দ্র দাসের হত্যার প্রতিবাদে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলে এক মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিল আগরতলায়। মঙ্গলবার বিক্ষোভ মিছিল থেকে আগরতলা পুলিশ সদর ঘেরাও করতে যায় ঘেরাও করতে চায় বিক্ষোভকারীরা। বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের পশ্চিম জেলা কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি টাউনহল এলাকা থেকে শুরু হয়ে আখাউড়া চেকপোস্ট হয়ে বাংলাদেশ অভিমুখে যাওয়ার কর্মসূচি ছিল। মিছিল পুলিশ সদর কার্যালয়ের সামনে পৌঁছালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীরা পুলিশ বসানো ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। এরই মধ্যে বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা আগরতলা চেকপোস্টের দিকে অগ্রসর হতে চাইলে পুলিশ ফায়ার সার্ভিস চৌমুহনী এলাকায় মিছিলটি আটকে দেয়। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অতিরিক্ত বাহিনী মোতায়েন করে এবং মিছিলকে আর এগোতে দেয় নি। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার স্বার্থেই বিক্ষোভকারীদের বাংলাদেশ সীমান্তের দিকে যেতে বাধা দেওয়া হয়েছে।
বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বিক্ষোভকারীরা বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর চলমান নির্যাতনের তীব্র প্রতিবাদ জানান এবং মিছিল থেকে বাংলাদেশ সরকারকে সতর্কবার্তাও দেন।