আগরতলা, ২৪ ডিসেম্বর, ২০২৫ঃ
ত্রিপুরায় আগরতলা সহ রাজ্যে বিভিন্ন প্রান্তে বিনা পারমিটের পাঁচ শতাধিক অটোরিক্সা বিক্রি করেছে। এই অভিযোগে মঙ্গলবার পূর্ব থানায় বাজাজ কোম্পানির বিরুদ্ধে মামলা দায়ের করেন ক্ষুব্ধ অটোরিক্সা চালক ও মালিকরা। বিষয়টিকে কেন্দ্র করে মঙ্গলবার সারা রাজ্যের বিনা পারমিটে অটোরিক্সা ক্রয় করা মালিকরা পূর্ব থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, অটোরিক্সা বিক্রির সময় বাজাজ কোম্পানি প্রতিটি গাড়ির জন্য প্রায় ৩০ হাজার টাকা করে অতিরিক্ত অর্থ নিয়েছে পারমিট করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে। কিন্তু দীর্ঘদিন পেরিয়ে গেলেও তাদের কোনো বৈধ পারমিট দেওয়া হয়নি। ফলে অটোরিক্সা নিয়ে রাস্তায় নামলেই ট্রাফিক পুলিশের হাতে জরিমানার মুখে পড়তে হচ্ছে অটোরিক্সা মালিক ও চালকদের।
এই পরিস্থিতিতে তারা নিজেদের আর্থিক ক্ষতি ও হয়রানির জন্য সরাসরি বাজাজ কোম্পানিকেই দায়ী করছেন। বিক্ষোভকারীরা অবিলম্বে কোম্পানির বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং প্রতারণার শিকার অটোরিক্স্ব মালিকদের ন্যায়বিচারের দাবি জানান।
ঘটনাটি ঘিরে পূর্ব আগরতলা থানায় দায়ের হওয়া মামলার ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।