আগরতলা, ২৮ ডিসেম্বর, ২০২৫ঃ
ধলাই জেলার নালকাটার আঞ্চলিক বিদেশী শূকর প্রজনন কেন্দ্রে অস্বাভাবিকভাবে মৃত শূকরগুলির দেহে আফ্রিকান সোয়াইন ফিভারের জীবাণু শনাক্ত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে নালকাটাকে এই সংক্রামক রোগের এপি-সেন্টার হিসেবে ঘোষণা করেছে ত্রিপুরা সরকারের প্রাণীসম্পদ বিকাশ দপ্তর। দপ্তরের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে সংক্রমণ রোধে একাধিক কঠোর নিষেধাজ্ঞার কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, এপি-সেন্টারের এক কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে থাকা গ্রামগুলিকে ‘ইনফেক্টেড জোন’ এবং দশ কিলোমিটারের মধ্যে অবস্থিত সমস্ত গ্রামকে ‘সার্ভেলেন্স জোন’ হিসেবে ঘোষণা করা হয়েছে।
এই অঞ্চলে থাকা সমস্ত শূকর মাটিতে পুঁতে ফেলে অথবা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হবে । সংক্রমিত এলাকা থেকে কোনো জীবিত শূকর, শূকরের খাদ্য বা শূকরের মাংস বাইরে নিয়ে যাওয়া কিংবা বাইরে থেকে আনা সম্পূর্ণ নিষিদ্ধ। কোনো মালবাহী বা প্রাণীবাহী গাড়িও শূকর পরিবহণ করতে পারবে না। তবে নির্দিষ্ট কর্তৃপক্ষের স্যানিটেশন সার্টিফিকেট দেখিয়ে গাড়ি বা রেলের মাধ্যমে সংক্রমিত এলাকার মধ্য দিয়ে অন্য স্থানে শূকর পরিবহণ করা যাবে।
বনাঞ্চলের নিকটবর্তী শূকরগুলির ক্ষেত্রে সংশ্লিষ্ট বন আধিকারিকদের সঙ্গে পরামর্শক্রমে কড়া নজরদারি চালানো হবে। প্রশাসনের তরফে সাধারণ মানুষ ও শূকর পালনকারীদের নির্দেশিকা মেনে চলার আহ্বান জানানো হয়েছে, যাতে দ্রুত সংক্রমণ নিয়ন্ত্রণে আনা যায়।