আগরতলা, ২৮ ডিসেম্বর, ২০২৫ঃ
আগরতলার হাঁপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে আগামী ২৯ জানুয়ারি, ২০২৬ থেকে শুরু হচ্ছে ৩৬তম ত্রিপুরা শিল্প ও বাণিজ্য মেলা। শিল্প ও বাণিজ্য দপ্তর এবং ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগম লিমিটেডের যৌথ উদ্যোগে আয়োজিত এই মেলা চলবে ১২ ফেব্রুয়ারি, ২০২৬ পর্যন্ত। প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা প্রাঙ্গণ সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
মঙ্গলবার ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগম লিমিটেডের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান নিগমের বোর্ড অব ডিরেক্টর মিহির সরকার। তিনি জানান, মেলার স্টল বুকিং প্রক্রিয়া এবার সম্পূর্ণ স্বচ্ছ ও অনলাইন পদ্ধতিতে করা হবে। এ উপলক্ষে স্টল বুকিংয়ের জন্য একটি পোর্টালের আনুষ্ঠানিক সূচনা করা হয়েছে, https://ticf.tripura.gov.in। এবারের মেলায় মোট ৩৯০টি স্টলের ব্যবস্থা রাখা হয়েছে। ইনডোর এক্সিবিশন হলের পাশাপাশি ত্রিপুরা হাট, টেকনোলজি প্যাভিলিয়ন ও ফুড কোর্টেও অতিরিক্ত স্টল থাকবে। বাঁশজাত পণ্য, খাদ্য প্রক্রিয়াকরণ, পর্যটন, বস্ত্র, পাট, শাড়ি ও কাপড়, গয়না, গৃহস্থলি সামগ্রী, রাবার পণ্য, আসবাবপত্র, অটোমোবাইলসহ বিভিন্ন ক্ষেত্রের উৎপাদক ও ব্যবসায়ী, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর এবং পাবলিক সেক্টর আন্ডারটেকিংস মেলায় অংশ নেবে।