আগরতলা, ২৯ ডিসেম্বর, ২০২৫ঃ
রাজ্য সরকারের সহায়তায় আগরতলা পুর নিগমের উদ্যোগে আগামী ৯ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত আগরতলার বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে স্বদেশী মেলা। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মানিক সাহা।
মেলা উপলক্ষে প্রস্তুতির অগ্রগতি খতিয়ে দেখতে মঙ্গলবার বিবেকানন্দ ময়দান পরিদর্শন করেন মেয়র দীপক মজুমদার। তাঁর সঙ্গে ছিলেন পুর কমিশনার ডি কে চাকমা, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, মহকুমা শাসক মানিক লাল দাসসহ অন্যান্য আধিকারিকরা।
পরিদর্শন শেষে মেয়র দীপক মজুমদার বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘লোক্যাল ফর ভোকাল’ স্লোগানকে সামনে রেখে রাজ্যে প্রথমবারের মতো এই ধরনের স্বদেশী মেলার আয়োজন করা হচ্ছে। মেলার মূল উদ্দেশ্য রাজ্যবাসীকে স্বদেশী পণ্যের প্রতি আরও বেশি করে উৎসাহিত করা।
তিনি জানান, মেলায় প্রতিদিন স্বদেশী জাগরণ ও দেশীয় পণ্যের ব্যবহার নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। পাশাপাশি দর্শনার্থীদের জন্য থাকবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও জাতি ও উপজাতি সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বিভিন্ন খাবারের স্টল মেলার অন্যতম আকর্ষণ হবে। রাজ্যবাসীকে স্বদেশী মেলায় অংশগ্রহণ করার আহ্বান জানান মেয়র। প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত এই মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।