আগরতলা, ২৯ ডিসেম্বর, ২০২৫ঃ
ত্রিপুরা রাজ্য সরকারের মন্ত্রী সুশান্ত চৌধুরীর নিরাপত্তারক্ষীদের সঙ্গে মারপিট করে আটক হলেন ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান কর্নেল কুশ কুমার শর্মা।
মন্ত্রী সুশান্ত চৌধুরী প্রবাসী ত্রিপুরা সামিটে অংশগ্রহণ শেষে বাড়ি ফেরার সময় তাঁর গাড়ি হোটেলের গেটের সামনে আনতে বলা হয়। সেই সময় গেটের সামনে টিপিএসসি চেয়ারম্যানের গাড়ি দাঁড়ানো ছিল। মন্ত্রীর নিরাপত্তারক্ষীরা গাড়িটি সরানোর অনুরোধ জানালে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।
ওই সময় টিপিএসসি চেয়ারম্যান এক টিএসআর জওয়ানের কলার চেপে ধরেন এবং ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করেন। এর পরেই দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি, ঘটনার সময় চেয়ারম্যান মদ্যপ অবস্থায় ছিলেন। তার সঙ্গে তার ছেলেও সেই হোটেলেই উপস্থিত ছিলেন। সেও মদ্যপ ছিল বলে অভিযোগ।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান পুলিশ সুপারসহ পুলিশের একাধিক উচ্চপদস্থ আধিকারিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর টিপিএসসি চেয়ারম্যান কর্নেল কুশ কুমার শর্মাকে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ কর্নেল কুশ কুমার শর্মার শারীরিক পরীক্ষা করিয়েছে। কর্নেল কুশ কুমার শর্মার বিরুদ্ধে টিএসআর জওয়ানকে মারধর করার অভিযোগ উঠলেও পুলিশ তাকে গ্রেফতার করে নি।