আগরতলা, ৩০ ডিসেম্বর, ২০২৫ঃ
নতুন বছরকে সামনে রেখে সক্রিয় হয়ে উঠেছে সাইবার প্রতারকরা। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে ত্রিপুরা পুলিশের তরফে জারি করা হয়েছে সাইবার সেফটি সতর্কতা। পুলিশ জানিয়েছে, সাইবার অপরাধীরা বর্তমানে হোয়াটসঅ্যাপ, এসএমএস এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভুয়ো “হ্যাপি নিউ ইয়ার ২০২৬” শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছে।
এইসব বার্তার সঙ্গে ক্ষতিকর লিংক, পিডিএফ ফাইল বা এপিকে/অ্যাপ সংযুক্ত থাকছে। এগুলিতে ক্লিক করলেই মোবাইলে ম্যালওয়্যার ইনস্টল হয়ে যেতে পারে অথবা ব্যবহারকারীর ব্যক্তিগত ও ব্যাংক সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য চুরি হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। পুলিশের মতে, এই ধরনের লিংক বা অ্যাপ ফোনের এসএমএস পড়তে পারে, হোয়াটসঅ্যাপ নিয়ন্ত্রণ নিতে পারে, ওটিপি আটকাতে পারে এবং এমনকি ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিতেও সক্ষম।
ত্রিপুরা পুলিশ, অচেনা বা সন্দেহজনক নিউ ইয়ার শুভেচ্ছার লিংকে কখনও ক্লিক না করতে এবং পিডিএফ বা এপিকে ফাইল না খুলতে পরামর্শ দিয়েছে। প্রেরক পরিচিত হলেও সতর্ক থাকতে হবে। এই ধরনের বার্তা পেলে সঙ্গে সঙ্গে তা ডিলিট করার পরামর্শ দিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানিয়েছে, কোনো “হ্যাপি নিউ ইয়ার” বা শুভেচ্ছা সংক্রান্ত এপিকে বা অ্যাপ লিংক থেকে ইনস্টল করা যাবে না। শুধুমাত্র অফিসিয়াল অ্যাপ স্টোর থেকেই অ্যাপ ডাউনলোড করতে হবে।