আগরতলা, ১ জানুয়ারী, ২০২৫ঃ
ত্রিপুরা বিদ্যুৎ ক্ষেত্রে আরও এক গর্বের মাইলফলক যুক্ত হলো। উত্তর-পূর্ব ভারতের মধ্যে প্রথম ও একমাত্র প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক মানের সাইবার সিকিউরিটি সার্টিফিকেশন অর্জন করল ত্রিপুরা স্টেট লোড ডিসপ্যাচ সেন্টার।
আগরতলায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের ২২তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই তথ্য জানান বিদ্যুৎমন্ত্রী। তিনি বলেন, কেন্দ্রীয় বিদ্যুৎ কর্তৃপক্ষের নির্দেশিকা অনুযায়ী দেশের প্রতিটি স্টেট লোড ডিসপ্যাচ সেন্টারের জন্য এই সার্টিফিকেশন বাধ্যতামূলক। এর মূল লক্ষ্য হলো জাতীয় বিদ্যুৎ গ্রিড ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ডিজিটাল পরিকাঠামোকে ক্রমবর্ধমান সাইবার হুমকি থেকে সুরক্ষিত রাখা।
মন্ত্রী জানান, সিস্টেম সার্ভিল্যান্স অডিটে চিহ্নিত বিভিন্ন ত্রুটি সংশোধনের পর তথ্যপ্রযুক্তি মন্ত্রক, ভারত সরকার এই মর্যাদাপূর্ণ সার্টিফিকেশন প্রদান করেছে।
বিদ্যুৎমন্ত্রী আরো বলেন, বিদ্যুৎই উন্নয়নের মূল চালিকাশক্তি। সেই লক্ষ্যেই বিদ্যুৎ ব্যবস্থাকে আধুনিক ও জনমুখী করতে একাধিক সংস্কার আনা হয়েছে। বর্তমানে অনলাইন ব্যবস্থার মাধ্যমে লোডশেডিং নিয়ন্ত্রণ, স্মার্ট মিটার, স্বচ্ছ বিলিং ব্যবস্থা চালু হয়েছে।
তিনি আরও জানান, ২৪×৭ কল সেন্টার, দ্রুত ত্রুটি সারাই পরিষেবা ও ডিজিটাল প্রযুক্তির ব্যবহারে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম একটি আধুনিক পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে।