আগরতলা, ৫ জানুয়ারি ২০২৬ঃ
ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সামাজিক মাধ্যমে অবমাননাকর মন্তব্যের মামলায় দীর্ঘ ছয় মাস পলাতক থাকার পর অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ করলেন ত্রিপুরা যুব কংগ্রেসের নেতা শাহজান ইসলাম। সোমবার তিনি পশ্চিম আগরতলা থানায় আত্মসমর্পণ করেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশ জানায়, শাহজান ইসলামের বিরুদ্ধে দুটি এফআইআর দায়েরের পর থেকেই গত ছয় মাস ধরে পলাতক ছিলেন। গত জুন মাসে বিজেপি যুব মোর্চার এক নেতা শাহজানের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। অভিযোগ ছিল, একটি লাইভ ফেসবুক পোস্টে মুখ্যমন্ত্রী মানিক সাহাকে উদ্দেশ করে তিনি অবমাননাকর মন্তব্য করেছিলেন। এর পর বিজেপির সংখ্যালঘু মোর্চার নেতা বিল্লাল মিয়াও শাহজানের বিরুদ্ধে আরেকটি এফআইআর দায়ের করেন, যেখানে তাঁর বিরুদ্ধে ব্যক্তিগতভাবে আক্রমণাত্মক মন্তব্যের অভিযোগ করা হয়।
দুটি এফআইআর দায়ের হওয়ার পর থেকেই শাহজান ইসলাম নিখোঁজ ছিলেন। সোমবার তাঁর আত্মসমর্পণের বিষয়টি নিশ্চিত করে পশ্চিম আগরতলা থানার অফিসার-ইন-চার্জ রানা চট্টোপাধ্যায় জানান, দুটি মামলায় অভিযুক্ত শাহজান ইসলাম মঙ্গলবার আত্মসমর্পণ করেছেন।