আগরতলা, ৫ জানুয়ারি ২০২৬ঃ
শীতের কারণে ত্রিপুরা রাজ্যের সমস্ত সরকারি, সরকারি অনুদানপ্রাপ্ত ও বেসরকারি বিদ্যালয় আগামী ৬ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিজের সামাজিক মাধ্যম থেকে এই খবর জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। বর্তমান শীতজনিত প্রতিকূল পরিস্থিতি বিবেচনা করেই রাজ্যের শিক্ষা দপ্তর এই নির্দেশ জারি করেছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই সময়সীমার মধ্যে সমস্ত বিদ্যালয়ে পঠনপাঠন সম্পূর্ণভাবে স্থগিত থাকবে বলে জানানো হয়েছে।
এর আগে একই ধরনের সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, টিটিএএডিসি কর্তৃপক্ষ। প্রবল শীতের কথা মাথায় রেখে কাউন্সিলের অধীন সমস্ত বিদ্যালয় ৩ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে। টিটিএএডিসি এর তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীদের স্বাস্থ্য ও নিরাপত্তার কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে টিটিএএডিসি স্পষ্ট করেছে যে, দশম ও দ্বাদশ শ্রেণির প্র্যাকটিক্যাল পরীক্ষা পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে। এ ক্ষেত্রে কোনও পরিবর্তন আনা হয়নি। সংশ্লিষ্ট বিদ্যালয় কর্তৃপক্ষকে ছাত্রছাত্রী ও অভিভাবকদের বিষয়টি জানিয়ে দেওয়ার পাশাপাশি পরীক্ষার সুষ্ঠু পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, শীতের তীব্রতা আরও বাড়লে ভবিষ্যতে অতিরিক্ত নির্দেশ জারি করা হতে পারে বলেও প্রশাসনের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে।