আগরতলা, ৭ জানুয়ারি, ২০২৬ঃ
ত্রিপুরা বিধানসভার লবিতে বুধবার প্রয়াত অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের প্রতি বিশেষ শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ত্রিপুরা বিধানসভা এ অনুষ্ঠানের আয়োজন করে প্রয়াত নেতার প্রতি সম্মান প্রদর্শন করেছে।
অনুষ্ঠানের শুরুতে অধ্যক্ষের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন ত্রিপুরা বিধানসভার ভারপ্রাপ্ত অধ্যক্ষ রামপ্রসাদ পাল, সংসদীয় ও কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতনলাল নাথ, বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, বিধানসভার সরকারি মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়, সচিব এ কে নাথ, অতিরিক্ত সচিব বিপ্লব দাস এবং বিধানসভার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।
শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে বক্তব্য রাখেন রামপ্রসাদ পাল। তিনি বলেন, প্রয়াত অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন চারবার বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি গুণী ব্যক্তি ও রাজনীতিবিদ ছিলেন এবং বিরোধীদের কাছ থেকেও সম্মান অর্জন করেছিলেন।
সংসদীয় মন্ত্রী রতনলাল নাথ বলেন, বিশ্ববন্ধু সেন কেবল রাজনীতিবিদই ছিলেন না, তিনি কবি, সাহিত্যিক, গায়ক এবং রবীন্দ্র প্রেমীও ছিলেন। তিনি বলেন, “বিশ্ববন্ধু সেন মানুষের কল্যাণে কাজ করে গেছেন এবং মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন।”
বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী স্মরণ করে বলেন, “বিশ্ববন্ধু সেন ছিলেন বড় মনের নেতা। তিনি সকল বিধায়কদের সমানভাবে দেখতেন। তাঁর অসমাপ্ত কাজ আমরা সবাই মিলে সমাপ্ত করব।”
ত্রিপুরা বিধানসভার সরকারি মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় বলেন, প্রয়াত অধ্যক্ষ সততা ও নিষ্ঠার সাথে তার দায়িত্ব পালন করেছেন এবং ভাল মানুষেরা আমাদের স্মরণে চিরকাল বেঁচে থাকেন।
শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে প্রয়াত অধ্যক্ষের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।