আগরতলা, ১০ জানুয়ারি, ২০২৬ঃ
সম্প্রতি এক ব্যক্তি নিজেকে ভারতীয় জনতা পার্টি, ত্রিপুরা প্রদেশের ‘ভাবী সভাপতি’ হিসেবে পরিচয় দিয়ে রাজ্যের বিভিন্ন জেলা ও মণ্ডলে ঘুরে দলীয় কার্যকর্তাদের সঙ্গে যোগাযোগ করছেন। এমন ঘটনার দিকে দৃষ্টি আকর্ষণ করেছে বিজেপি ত্রিপুরা প্রদেশ। এই ধরনের কার্যকলাপকে কেন্দ্র করে দলীয় স্তরে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।
দলীয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিজেপির সাংগঠনিক কাঠামো ও গঠনতন্ত্র অনুযায়ী সভাপতি ও অন্যান্য পদাধিকারীদের নির্বাচন বা নিয়োগ একটি নির্দিষ্ট, স্বচ্ছ ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার মধ্য দিয়েই সম্পন্ন হয়। গঠনতন্ত্রের বাইরে গিয়ে নিজেকে কোনো পদে পরিচয় দেওয়া বা সেই পরিচয়ে সাংগঠনিক তৎপরতা চালানো দলীয় শৃঙ্খলার পরিপন্থী এবং এটি গুরুতর শৃঙ্খলাভঙ্গ হিসেবে বিবেচিত হবে।
প্রদেশ সভাপতির নির্দেশক্রমে সকল জেলা সভাপতি, মণ্ডল সভাপতি ও কার্যকর্তাদের স্পষ্টভাবে জানানো হয়েছে যে, দলীয় শৃঙ্খলা বিরোধী কোনো অপপ্রচার, ভ্রান্ত তথ্য প্রচার বা গঠনতন্ত্র বহির্ভূত কার্যকলাপ বিজেপি কোনোভাবেই বরদাস্ত করবে না। পাশাপাশি, এ ধরনের কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ স্থাপন থেকে সকলকে বিরত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
দলের পক্ষে এই বিবৃতি জারি করেছেন বিজেপি ত্রিপুরা প্রদেশের মিডিয়া ইনচার্জ সুনীত সরকার।