আগরতলা, ১০ জানুয়ারি, ২০২৬ঃ
উনকোটি জেলার ফটিকরায় শিমুলতলা ও সাইদারপাড়া এলাকায় দুষ্কৃতীদের তাণ্ডবকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে শুক্রবার।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুষ্কৃতীরা একটি মসজিদে অগ্নিসংযোগের পাশাপাশি বেশ কয়েকটি দোকান ও বাড়িতে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়। পাশাপাশি বেশ কয়েকটি যানবাহন ও সাধারণ মানুষের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় কাঠ ব্যবসায়ী মুছাব্বির আলীর কাছে চাঁদা দাবি করেছি দুষ্কৃতীরা। মসজিদের নির্মাণ কাজের জন্য কাঠ নিয়ে যাওয়ার সময় চাঁদা দিতে অস্বীকার করায় ফটিকরায় থানাধীন সাইদারপাড়ায় একটি মসজিদ সহ একাধিক দোকান ও বাড়িতে ভাঙচুরের পর আগুন লাগানো হয়। এই ঘটনায় গুরুতর আহত হন মুছাব্বির আলী।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে জেলা পুলিশ সুপার অভিনাশ রায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।
পুলিশ সূত্রে জানানো হয়েছে, ঘটনায় এখনও পর্যন্ত পাঁচ থেকে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং দুষ্কৃতীদের চিহ্নিত করে কড়া আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রশাসনের দাবি।
আইনশৃঙ্খলা বজায় রাখতে কুমারঘাট মহকুমায় ১৬৩ ধারা জারি করা হয়েছে। পাশাপাশি গুজব রোধে ৪৮ ঘণ্টার জন্য কুমারঘাট মহকুমায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গুজব ছড়ালে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে, সতর্ক করে দিয়েছে রাজ্য পুলিশ।