আগরতলা, ১১ জানুয়ারি, ২০২৬ঃ
বিহারের বুদ্ধগয়ায় পরিচালন কমিটির সকল ৯ জন সদস্যকে বৌদ্ধ ধর্মাবলম্বী অন্তর্ভুক্ত করার দাবিতে আজ আগরতলা শহরে বিশাল শান্তি মশাল মিছিল অনুষ্ঠিত হয়। এই দাবিকে সামনে রেখে আগামী ২ ফেব্রুয়ারি বুদ্ধগয়ায় দেশের সমস্ত বৌদ্ধ ধর্মাবলম্বী অংশের মানুষকে নিয়ে শান্তি পদযাত্রার ডাক দিয়েছে অল ইন্ডিয়া বুদ্ধিস্ট ফোরাম। এর অংশ হিসেবে রবিবার আগরতলায় পদযাত্রার আয়োজন করে সংগঠনের ত্রিপুরা রাজ্য কমিটি।
অল ইন্ডিয়া বুদ্ধিস্ট ফোরাম, ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে একাধিক গুরুত্বপূর্ণ দাবি নিয়ে আগরতলায় এক কার্যক্রমের আয়োজন করা হয়। বেনুবন বুদ্ধ বিহারে এক জনসমাবেশ ও গুরুত্বপূর্ণ আলোচনা সভার আয়োজন করা হয়।
মূল দাবিগুলির মধ্যে রয়েছে বুদ্ধগয়া টেম্পল অ্যাক্ট ১৯৪৯ বাতিল করা, মহাবোধি মহাবিহারা ও বুদ্ধগয়া পরিচালন কমিটিতে সকল সদস্যকে বৌদ্ধ ধর্মাবলম্বী রাখা। বর্তমানে বুদ্ধগয়া পরিচালন কমিটিতে ৯ জন সদস্য রয়েছেন, যার মধ্যে গয়া জেলার জেলাশাসককে চেয়ারম্যান করা হয়েছে এবং বাকিদের সদস্য হিসেবে রাখা হয়েছে। কমিটির ৯ জনের মধ্যে মাত্র চারজনই বৌদ্ধ ধর্মাবলম্বী হওয়ায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে বৌদ্ধ সম্প্রদায়ের দাবি প্রায়ই উপেক্ষিত হয়ে আসছে।
মিছিল ও জনসমাবেশের মাধ্যমে অংশগ্রহণকারীরা শীর্ষ নেতৃত্বকে অনুরোধ জানিয়েছেন, বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করে বুদ্ধগয়া পরিচালন কমিটিতে সকল সদস্যকে বৌদ্ধ ধর্মাবলম্বী করা হোক, যাতে ধর্মীয় এবং সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষিত থাকে।