আগরতলা, ১১ জানুয়ারি, ২০২৬ঃ
ত্রিপুরার মুখ্যমন্ত্র মানিক সাহা রবিবার ধর্মনগরের চুরাইবাড়ি ত্রিপুরা আসাম সীমান্তে চেকপোস্ট সহ থানা ও স্টোন ক্রেশার ইউনিট পরিদর্শন করেছেন।
সকালবেলা ধর্মনগর তেল ডিপো পরিদর্শনের পর মুখ্যমন্ত্রী চুরাইবাড়ি চেকপোস্টে যান এবং সেখানে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন। এরপর তিনি চুরাইবাড়ি থানায় গিয়ে পুলিশ কার্যক্রমের অবস্থা দেখেন। এছাড়াও লক্ষ্মীনগর গ্রাম পঞ্চায়েতের ৪ নং ওয়ার্ডে অবস্থিত স্টোন ক্রেশার ইউনিট পরিদর্শন করে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নির্দেশিকা সঠিকভাবে পালন হচ্ছে কি না তা যাচাই করেন।
পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রী জানান, দীর্ঘদিন ধরে তার কাছে অভিযোগ আসছিল যে বড় যানবাহনে অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি পাথর বোঝাই করা হচ্ছে। তিনি কয়েকটি যানবাহন সরেজমিনে দেখেছেন এবং স্পষ্ট করেন যে, তিনি কারও ব্যবসায় ক্ষতি করতে চান না, তবে সরকারি নিয়ম মেনে কাজ করা অত্যাবশ্যক। অতিরিক্ত বোঝাই হওয়া পাথরের ফলে নানা সমস্যা সৃষ্টি হচ্ছে, এজন্য কড়া নজর রাখার নির্দেশ দেন তিনি।
পরিদর্শনে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন উত্তর ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ, বিধায়ক যাদব লাল দেবনাথ, জেলা প্রশাসক চাঁদনী চন্দ্রন ও জেলা পুলিশ সুপার অবিনাশ রায় প্রমুখ।