আগরতলা, ১১ জানুয়ারি, ২০২৬ঃ
ভিবি জি রামজি প্রকল্প বাতিল করে মনরেগা পুনর্বহালের দাবিতে রাজ্যব্যাপী আন্দোলনে শামিল হয়েছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার আগরতলায় চার ঘণ্টার প্রতীকী অনশন কর্মসূচি পালন করেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব।
এই কর্মসূচির অঙ্গ হিসেবে আগরতলা সার্কিট হাউস সংলগ্ন গান্ধী মূর্তির পাদদেশে অনশনে বসেন কংগ্রেসের রাজ্য নেতৃত্ব। সেখানে উপস্থিত ছিলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রদেশ কংগ্রেস সভাপতি আশিষ কুমার সাহা-সহ দলের অন্যান্য নেতা ও কর্মীরা।
কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, স্বৈরাচারী বিজেপি সরকার মনরেগা আইন বাতিল করে একটি নতুন আইন চালু করেছে, যার ফলে সাধারণ গরিব মানুষের কাজের অধিকার ক্ষুণ্ণ হয়েছে। এই সিদ্ধান্তের প্রতিবাদেই দেশজুড়ে শান্তিপূর্ণ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় ত্রিপুরার প্রতিটি জেলায় একদিনব্যাপী শান্তিপূর্ণ অনশন কর্মসূচি পালন করা হচ্ছে।
এদিকে, জাতীয় কংগ্রেসের শান্তিপূর্ণ গণ-অনশন আন্দোলনে রাজ্য পুলিশ প্রশাসন বাধা সৃষ্টি করছে বলেও অভিযোগ তোলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। তিনি বলেন, গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলনে প্রশাসনিক হস্তক্ষেপ অনভিপ্রেত এবং তা অবিলম্বে বন্ধ করা উচিত।
কংগ্রেস নেতৃত্ব স্পষ্ট জানিয়ে দিয়েছে, গরিব ও প্রান্তিক মানুষের কাজের অধিকার সুরক্ষিত রাখতে মনরেগা পুনর্বহাল না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে।