আগরতলা, ১২ জানুয়ারি, ২০২৬ঃ
শক্তিশালী জাতিই পারে একটি শক্তিশালী সমাজ গড়ে তুলতে। স্বামী বিবেকানন্দ বিশ্বাস করতেন যুব সমাজের আত্মবিশ্বাস এবং অবদান দেশের ভবিষ্যৎ
নির্ধারণ করবে। আজকের যুব সমাজ দেশের এবং রাজ্যের ভবিষ্যতের অগ্রগতির প্রধান চালিকাশক্তি। সোমবার রাজ্যভিত্তিক জাতীয় যুব উৎসবের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী মানিক সাহা একথা বলেন।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, জাতীয় যুব দিবস পালনের উদ্দেশ্য হচ্ছে যুব সমাজের মধ্যে রাষ্ট্রচেতনা ও দেশপ্রেম জাগ্রত করা এবং স্বামীজীর আদর্শকে তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়া। স্বামী বিবেকানন্দ ছিলেন জাগরণের অগ্রদূত, চিন্তানায়ক ও যুগনায়ক। বর্তমান সময়েও স্বামীজীর চিন্তা, ভাবনা ও দেশের প্রতি ভালোবাসা অত্যন্ত প্রাসঙ্গিক।
স্বামীজীর ভাবধারা আমাদের অনুপ্রেরণা যোগায়। মুখ্যমন্ত্রী বলেন, যৌবনকাল হচ্ছে মানুষের শ্রেষ্ঠ সময়। এই সময়েই নিজের অন্তর্নিহিত প্রতিভা ও শক্তির বিকাশ ঘটে। মুখ্যমন্ত্রী উপস্থিত যুবাদের উদ্দেশ্যে বলেন, প্রতিদিনের কর্মসূচির মধ্যে স্বামীজীর আদর্শকে নিয়ে চলার মধ্যেই যুব দিবসের সার্থকতা। তাই স্বামীজীর আদর্শকে আমাদের অনুসরণ করার
পাশাপাশি নিজেদের মূল্যায়ন করতে হবে। তিনি বলেন, যুবশক্তির সঠিক দিশা দেওয়ার মধ্য দিয়েই দেশের ইতিবাচক পরিবর্তন সাধিত হয়। যুব সমাজ হচ্ছে দেশের মূল শক্তি এবং এই শক্তির সর্ববৃহৎ ভান্ডার হচ্ছে আমাদের দেশ ভারতবর্ষ।