আগরতলা, ১৩ জানুয়ারি, ২০২৬ঃ
আলপনা গ্রামের মানুষ শিল্পের মাধ্যমে তাদের সংস্কৃতি ও ঐতিহ্যকে জীবন্ত রাখছেন। হারিয়ে যেতে বসা প্রাচীন সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করতে রাজ্য সরকারও নিরলসভাবে কাজ করছে। লোকগান, বাউল গান, যাত্রাপালা, নাটক, কীর্তনসহ নানা সাংস্কৃতিক ধারাকে আবারও সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার প্রয়াস চলছে।
মঙ্গলবার লঙ্কামুড়ার আলপনা গ্রামে তিন দিনব্যাপী আলপনা ও পিঠেপুলি উৎসব ২০২৬-এর উদ্বোধন করে একথা বলেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতন লাল নাথ। মন্ত্রী বলেন, “কাজই করা হোক না কেন, তা মন ও প্রাণ দিয়ে করতে হবে। ভারতবর্ষের মতো দেশ পৃথিবীতে আর নেই। এখানে সমুদ্র, পাহাড়, অরণ্য—সবকিছুর এক অপূর্ব সমাহার রয়েছে। সেই কারণেই সারা বিশ্বের মানুষ ভারতের সৌন্দর্য ও সংস্কৃতি দেখতে আসে।”
মন্ত্রী আলপনা গ্রামের মানুষদের প্রশংসা করে জানান, তারা মাটির সঙ্গে নিবিড়ভাবে যুক্ত এবং নানান ধরনের সবজি চাষের পাশাপাশি শিল্পের মাধ্যমে নিজেদের সংস্কৃতিকে বাঁচিয়ে রেখেছেন। আধুনিকতা ও ঐতিহ্যের এক অনন্য সেতুবন্ধন তৈরি করেছে এই গ্রাম। শীতকালে দেশজুড়ে পিঠেপুলি উৎসব, গ্রামীণ মেলা, নগরকীর্তন, লোকসংগীত, যাত্রাপালা সহ নানা অনুষ্ঠান আয়োজন করা হয়, যা প্রকৃতি, কৃষি ও সামাজিক সম্পর্কের গভীর মেলবন্ধন।