আগরতলা, ১৫ জানুয়ারি ২০২৬ঃ
ককবরকে রোমান লিপি চালু করা সহ ও সরকারি স্বীকৃতির দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন ত্রিপুরা উপজাতি জেলা পরিষদের ১৬ জন সদস্য সহ ১৩ বিধায়ক। এরা সবাই তিপ্রামথা দলের সদস্য।
টিটিএএডিসি এর পক্ষে এই দাবিতে মুখ্যমন্ত্রীকে এক চিঠি দিয়ে বলা হয়েছে, ককবরক ভাষার জন্য রোমান লিপি অস্বীকার করা হলে তা ভারতীয় সংবিধানের ১৪, ২৯(১) ও ৩৫০এ অনুচ্ছেদ এবং ষষ্ঠ তফসিলের পরিপন্থী। মাতৃভাষায় শিক্ষা লাভ এবং সমান সুযোগ নিশ্চিত করার ক্ষেত্রে রোমান লিপির গুরুত্ব অপরিসীম। বিকল্প লিপি চাপিয়ে দেওয়ার ফলে ককবরক ভাষার স্বাভাবিক বিকাশ ব্যাহত হয়েছে। টিটিএএডিসি এর পক্ষে চার দফা মূল দাবি তুলে ধরা হয়েছে। দাবিগুলির মধ্যে রয়েছে, ককবরক ভাষার জন্য রোমান লিপিকে রাজ্যস্তরের সরকারি লিপি হিসেবে গ্রহণ করা, সিবিএসসি, আইসিএসই ও টিভিএসই বোর্ডের ককবরক বিষয়ের প্রশ্নপত্র রোমান লিপিতে মুদ্রণ, ককবরক বিষয়ের সমস্ত পাঠ্যপুস্তক রোমান লিপিতে প্রকাশ এবং ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনসহ সব সরকারি নিয়োগ পরীক্ষায় ককবরক ভাষার ক্ষেত্রে রোমান লিপি প্রয়োগ। চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে যে, ১৯৭৯ সালে কোকবরক ত্রিপুরার রাজ্যভাষা হিসেবে স্বীকৃতি পায় এবং ১৯৬৭ সাল থেকেই কোকবরক ভাষাভাষীরা রোমান লিপির দাবিতে আন্দোলন করে আসছেন। শ্যামাচরণ ত্রিপুরা, কুমুদ কুন্ডু চৌধুরী ও পবিত্র সরকার ভাষা কমিশনের রিপোর্টেও ককবরক ভাষার জন্য রোমান লিপির সুপারিশ করা হয়েছে।