আগরতলা, ১৫ জানুয়ারি ২০২৬ঃ
ত্রিপুরায় এখনও নিপা ভাইরাসের সংক্রমণের ঘটনা নেই বলে জানিয়েছেন জাতীয় স্বাস্থ্য মিশনের এমডি সাজু বাহিদ এ। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে তিনি জানান, নিপা ভাইরাস মোকাবিলায় রাজ্য সরকার সম্পূর্ণ সতর্ক ও প্রস্তুত রয়েছে।
তিনি বলেন, নিপা ভাইরাস একটি সংক্রমক রোগ যা মূলত প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়ায় এবং কিছু ক্ষেত্রে মানুষে মানুষেও সংক্রমিত হতে পারে। ভারতে ২০১৮ সাল থেকে কেরালায় এই রোগের সংক্রমণ লক্ষ্য করা গেলেও বর্তমানে ত্রিপুরায় কোনও সংক্রমণ নেই।
এজিএমসি’র মাইক্রোবায়োলজি বিভাগের এইচওডি ডা. তপন মজুমদার জানান, নিপা ভাইরাসের মৃত্যুহার ৭৫ থেকে ৮০ শতাংশ পর্যন্ত হতে পারে। বাদুড় দ্বারা দূষিত কাঁচা খেজুরের রস বা ফল খাওয়া এবং আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে সংক্রমণের ঝুঁকি থাকে। জ্বর, মাথাব্যথা, বমি, শ্বাসকষ্ট, খিচুনি ইত্যাদি উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দেন তিনি।
স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে সব জেলা হাসপাতালে ও জিবি হাসপাতালে আইসোলেশন বেড চিহ্নিত করা হয়েছে। আগরতলার মাইক্রোবায়োলজি বিভাগে আরটিপিসিআর পরীক্ষার সুবিধাও রয়েছে।
সাংবাদিক সম্মেলনে ডিরেক্টর অব হেলথ সার্ভিস ডা. দেবাশ্রী দেববর্মা জানান, সন্দেহভাজন রোগী দ্রুত চিহ্নিত করতে নির্দিষ্ট ক্লিনিক্যাল গাইডলাইন ও রোডম্যাপ তৈরি করা হয়েছে এবং অক্সিজেনের পর্যাপ্ত মজুত রাখা হয়েছে।