আগরতলা, ১৭ জানুয়ারি, ২০২৬ঃ
পশ্চিম জেলা ভোক্তা আদালতের প্রেসিডেন্ট গৌতম সরকারের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় নিয়মিত দপ্তরে আসা এবং কর্মী ও আইনজীবীদের সঙ্গে দুর্ব্যবহারের গুরুতর অভিযোগ সামনে এসেছে। দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে অসন্তোষ জমে থাকলেও, শনিবার আদালতের কর্মী ও আইনজীবীরা প্রকাশ্যে প্রতিবাদে নেমে প্রেসিডেন্টের অপসারণের দাবি তুলেছেন।
আইনজীবীদের দাবি, এই অভিযোগ নতুন নয়, গৌতম সরকার প্রায় প্রতিদিন মদ্যপ অবস্থায় অফিসে উপস্থিত হন এবং দাপ্তরিক কাজকর্মে চরম অবহেলা করেন। একই সঙ্গে অধস্তন কর্মীদের সঙ্গে অশালীন ভাষায় কথা বলেন এবং কখনও কখনও আইনজীবীদেরও দুর্ব্যবহার করেন। প্রেসিডেন্টের প্রাইভেট সেক্রেটারি ও স্টেনোগ্রাফারও নিরাপত্তাহীনতা ও মানসিক হয়রানির অভিযোগ তুলেছেন।
অভিযোগের বিষয়ে প্রেসিডেন্ট গৌতম সরকার সবকিছুই অস্বীকার করেছেন। তবে শনিবারও আইনজীবীরা একজোট হয়ে তাঁর অপসারণের দাবিতে সরব হন। জানা গেছে, তারা এদিন রাজ্যের আইন দপ্তরে লিখিতভাবে অভিযোগ জমা দিয়েছেন এবং বিচারব্যবস্থার বিশ্বাসযোগ্যতা রক্ষার জন্য অবিলম্বে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। বর্তমানে বিষয়টি প্রশাসনিক পর্যায়ে নজরদারিতে রয়েছে।