আগরতলা, ১৯ জানুয়ারি, ২০২৬ঃ
সোমবার আগরতলায় ৪৮তম ককবরক দিবস উদযাপন চলাকালীন ককবরক ভাষার লিপি বিতর্ককে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। অনুষ্ঠানের র্যালি চলাকালীন আদিবাসী ছাত্রছাত্রীরা ককবরক ভাষার জন্য রোমান লিপিকে সরকারি স্বীকৃতি দেওয়ার দাবিতে প্রতিবাদে শামিল হন। জনজাতি ছাত্র সংগঠন টিএসএফ ও টিআইএসএফ-এর কর্মীরা মিছিলে যোগ দিয়ে হাতে প্ল্যাকার্ড তুলে রোমান লিপির স্বীকৃতির দাবি জানান।
পুলিশ ও নিরাপত্তা কর্মীরা বিক্ষোভকারীদের থামানোর চেষ্টা করলেও তারা মিছিল চালিয়ে যান এবং দাবি থেকে পিছু হটেননি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে কংগ্রেস ভবনের কাছে পুলিশ বাহিনী বিক্ষোভকারীদের আটক করে এডি নগর পুলিশ লাইন মাঠে নিয়ে যায়। প্রতিবাদকারীরা স্পষ্টভাবে জানান, তাদের একমাত্র দাবি ককবরক ভাষার জন্য রোমান লিপিকেও সরকারি স্বীকৃতি দেওয়া হোক।
এদিকে, ককবরক ভাষা উন্নয়ন সংক্রান্ত উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান ও বিধায়ক রামপদ জামাতিয়া রোমান লিপির দাবিকে “বিদেশি চক্রান্ত” বলে অভিহিত করেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে চলা লিপি বিতর্ক শীঘ্রই মিটে যাবে এবং খুব শিগগিরই ককবরক ভাষার জন্য একটি নতুন আদিবাসী লিপি প্রবর্তন করা হবে। এই ঘটনাকে ঘিরে রাজ্যজুড়ে রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।