আগরতলা, ১৯ জানুয়ারি, ২০২৬ঃ
ককবরক ও অন্যান্য সংখ্যালঘু ভাষা দপ্তরের উদ্যোগে সোমবার রাজ্যজুড়ে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হল ৪৮তম ককবরক দিবস। ‘ফিল ব্রাইতি চার (৪৮) ককবরক সাল–২০১৬’ উপলক্ষে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য ককবরক ভাষা উন্নয়ন উপদেষ্টা কমিটির চেয়ারম্যান ডা. অতুল দেববর্মা ও ভাইস চেয়ারম্যান তথা বিধায়ক রামপদ জমাতিয়া।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডা. অতুল দেববর্মা বলেন, মাতৃভাষা মানুষের চেতনার পরম আশ্রয়। ককবরক ভাষার ইতিহাস ত্রিপুরার জনজাতির ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তিনি স্মরণ করিয়ে দেন, ১৯৭৯ সালের ১৯ জানুয়ারি ককবরক ভাষা সরকারি ভাষার স্বীকৃতি পায় এবং সেই ঐতিহাসিক দিনটির স্মরণেই প্রতি বছর ককবরক দিবস পালন করা হয়।
বিধায়ক রামপদ জমাতিয়া ককবরক ভাষার চর্চা ও প্রসার ঘটাতে সকলের প্রতি আহ্বান জানান এবং ভাষাটিকে আরও সমৃদ্ধ করার জন্য রাজ্যবাসীর সক্রিয় অংশগ্রহণ কামনা করেন।
এদিনের অনুষ্ঠানে চারটি ককবরক ভাষার বইয়ের মলাট উন্মোচন করা হয়। পাশাপাশি ককবরক ভাষা শিক্ষায় বিশেষ অবদানের জন্য ছয়জন শিক্ষককে সম্মাননা প্রদান করা হয়। অতিথিরা স্মরণিকা ‘য়াকপাই’ ও সাহিত্য পত্রিকা ‘খুমপুই’-এর আবরনও উন্মোচন করেন।