আগরতলা, ১৯ জানুয়ারি, ২০২৬ঃ
পশ্চিম ত্রিপুরা জেলা ভোক্তা আদালতের সভাপতি গৌতম সরকারকে বয়কটের সিদ্ধান্ত নিল ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন। সোমবার সাধারণ সভায় সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয় এবং রাজ্য সরকারকে তিন দিনের মধ্যে তাঁকে অপসারণের দাবি জানানো হয়েছে।
বার অ্যাসোসিয়েশনের অভিযোগ, গৌতম সরকার তাঁর দপ্তরেই মদ্যপান করতেন বলে অভিযোগ। যা কমিশনের কাজকর্মকে ব্যাহত করেছে ও প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। বরিষ্ঠ আইনজীবী পীযূষ বিশ্বাস জানান, সোনামুড়া ও আমবাসায় থাকাকালীনও তাঁর বিরুদ্ধে একই ধরনের অভিযোগ উঠেছিল। পরিস্থিতি অসহনীয় হয়ে ওঠায় এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন আইনজীবীরা।
অ্যাডভোকেট অরিন্দম ভট্টাচার্য বলেন, সভাপতির আচরণে কমিশনের সদস্য ও কর্মীরাও সমস্যায় পড়ছেন। অতীতেও আমবাসায় থাকাকালে তাঁর বিরুদ্ধে এক মহিলা বিচারককের সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছিল। তা সত্ত্বেও অবসর ও পুনর্নিয়োগ পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন আইনজীবীরা।
বার অ্যাসোসিয়েশন জানিয়েছে, মন্ত্রীর কাছে সমস্ত অভিযোগ তুলে ধরে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হবে। অন্যদিকে, গৌতম সরকার এনসিসি থানায় এফআইআর দায়ের করে দাবি করেছেন, এই ধরনের ঘটনা বিচার বিভাগের স্বাধীনতার প্রতি হুমকি।