আগরতলা, ১৯ জানুয়ারি, ২০২৬ঃ
নয়াদিল্লির বীর টিকেনজিৎ মার্গে অবস্থিত ত্রিপুরা ভবনের সম্প্রসারণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এই সম্প্রসারণ প্রকল্পের আওতায় আনুমানিক ২.৯৫ কোটি টাকা ব্যয়ে ত্রিপুরা ভবনে ৬টি নতুন কক্ষ ও ২টি আধুনিক হলরুম নির্মাণ করা হবে। এই নতুন পরিকাঠামো যুক্ত হওয়ায় ত্রিপুরা ভবনের সামগ্রিক সক্ষমতা ও পরিষেবার মান আরও বৃদ্ধি পাবে।
বিশেষ করে চিকিৎসা পরিষেবা গ্রহণ, উচ্চশিক্ষা, সাংস্কৃতিক কার্যক্রম এবং ব্যবসায়িক উন্নয়নের উদ্দেশ্যে যেসব ত্রিপুরাবাসী দিল্লিতে যান, তাঁদের জন্য উন্নত আবাসন ও অন্যান্য সুবিধা নিশ্চিত করা যাবে। এর ফলে দিল্লিতে অবস্থানরত ত্রিপুরাবাসীদের জন্য ত্রিপুরা ভবন আরও কার্যকর সহায়ক কেন্দ্রে পরিণত হবে।
দিল্লীর বুকে নির্মিত হতে চলা এই নতুন, আধুনিক ও সুসজ্জিত ত্রিপুরা ভবন ভবিষ্যতে রাজ্যের প্রশাসনিক কর্মকাণ্ড, সাংস্কৃতিক পরিচিতি এবং অতিথি পরিষেবার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে উঠবে বলে আশা প্রকাশ করা হয়েছে। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, আধুনিক ও দক্ষ পরিকাঠামো গড়ে তোলার মাধ্যমে ‘বিকশিত ত্রিপুরা’ গঠনের লক্ষ্যে সরকার দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। এই উদ্যোগ ত্রিপুরার উন্নয়ন, পরিচিতি ও মর্যাদা জাতীয় স্তরে আরও সুদৃঢ় করবে বলে বিশ্বাস করা হচ্ছে।