আগরতলা, ১৯ জানুয়ারি, ২০২৬ঃ
প্রত্যন্ত ও জনজাতি অধ্যুষিত এলাকায় সৌরশক্তির মাধ্যমে বিদ্যুৎ পৌঁছে দিয়ে জাতীয় স্তরে স্বীকৃতি পেল ত্রিপুরা। নয়াদিল্লিতে ১০ জানুয়ারি অনুষ্ঠিত ১০৫তম স্কচ পুরস্কার সম্মেলনে ২০২৫ সালের স্কচ রৌপ্য পদকে ভূষিত হয়েছে ত্রিপুরা পুনর্নবীকরণযোগ্য শক্তি উন্নয়ন সংস্থা। এই সম্মাননা প্রদান করেন স্কচ গ্রুপের চেয়ারম্যান সমীর কোচ্ছার।
ত্রিপুরার দুর্গম পাহাড়ি ও বনাঞ্চলঘেরা বহু আদিবাসী পাড়ায় দীর্ঘদিন ধরে বিদ্যুৎ পৌঁছানো ছিল বড় চ্যালেঞ্জ। ভৌগোলিক জটিলতা ও আর্থিক সীমাবদ্ধতার কারণে প্রচলিত বিদ্যুৎ গ্রিড সেখানে কার্যকর করা সম্ভব হয়নি। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের পিএম-ডিভাইন প্রকল্প ও রাজ্য সরকারের বিভিন্ন পরিকল্পনার আওতায় ট্রেডা সৌরশক্তি নির্ভর মাইক্রোগ্রিড স্থাপনের উদ্যোগ নেয়।
ধলাই, গোমতী, দক্ষিণ ত্রিপুরা ও খোয়াই জেলার মোট ২৭৪টি প্রত্যন্ত জনজাতি পাড়ায় ২ থেকে ২৫ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সৌর মাইক্রোগ্রিড স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে মোট ৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা তৈরি হয়েছে, যা সরাসরি উপকৃত করেছে ৯,৭৬২টি পরিবারকে। পুরো প্রকল্প বাস্তবায়নে ব্যয় হয়েছে প্রায় ৮১.০২ কোটি টাকা এবং নির্ধারিত সময়ের মধ্যেই কাজ সম্পন্ন হয়েছে।
এই প্রকল্পের ফলে প্রতিটি পরিবারে বৈদ্যুতিক আলো ও চার্জিং সুবিধার পাশাপাশি গ্রাম এলাকায় সৌরচালিত স্ট্রিট লাইট স্থাপন করা হয়েছে। এর প্রভাব পড়েছে শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও জীবিকায়। কেরোসিনের বাতি ছেড়ে সৌর আলোর সুবিধায় শিক্ষার্থীরা পড়াশোনার সুযোগ পাচ্ছে, স্থানীয় কারুশিল্প ও ছোট ব্যবসায় এসেছে গতি, আর সার্বিকভাবে বদলে গেছে প্রত্যন্ত আদিবাসী জনপদের জীবনযাত্রা।
সৌর মাইক্রোগ্রিডের মাধ্যমে বিদ্যুতের আলোয় আলোকিত হয়ে ত্রিপুরার এই উদ্যোগ আজ দেশের কাছে উন্নয়নের এক অনুকরণীয় মডেল হিসেবে স্বীকৃতি পেল।