আগরতলা, ২০ জানুয়ারি, ২০২৬ঃ
ছাত্রছাত্রীদের মানসিক বিকাশে বিজ্ঞান প্রদর্শনী ও বিজ্ঞান মেলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিজ্ঞান মেলার মাধ্যমে ছাত্রছাত্রীরা নিজেদের চিন্তাভাবনার বিকাশের সাথে সাথে নতুন কিছু জানার ও আবিষ্কার করার জন্য আগ্রহী হয়ে উঠে। মঙ্গলবার উমাকান্ত ইংলিশ মিডিয়াম একাডেমিতে ৫৩তম রাজ্যভিত্তিক রাষ্ট্রীয় বাল বৈজ্ঞানিক প্রদর্শনীর উদ্বোধন করে বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা একথা বলেন। মন্ত্রী অনিমেষ দেববর্মা বলেন, এবছর বৈজ্ঞানিক প্রদর্শনীর মূল ভাবনা হল ‘স্ট্যান্ড ফর বিকশিত এন্ড আত্মনির্ভর ভারত’। এই থিমের লক্ষ্য হল ভারতকে সার্বিক দিক দিয়ে আত্মনির্ভর করা। ভারতের প্রতিটি পরিবারকে আত্মনির্ভর করা। বিজ্ঞান প্রযুক্তি ক্ষেত্রেও আমাদের দেশকে আত্মনির্ভর করতে হবে। তিনি বলেন, এই প্রদর্শনীতে অংশ নেওয়া ছাত্রছাত্রীদের মধ্যেই রয়েছে ভবিষ্যতের বিজ্ঞানিক প্রতিভা। তাদের বিজ্ঞান জগতের প্রতি
আরও আগ্রহী করে তুলতে হবে। ছাত্রছাত্রীদের গাছ লাগানোর জন্য আগ্রহী হতেও আহ্বান জানান মন্ত্রী।
প্রদর্শনীতে রাজ্যের বিভিন্ন জেলার স্কুল থেকে অংশ নেওয়া ছাত্রছাত্রীদের তৈরি ৪০টি বিজ্ঞান মডেল দর্শনার্থীদের জন্য প্রদর্শন করা হয়েছে। অনুষ্ঠানটি দুই দিনব্যাপী অনুষ্ঠিত হবে।