আগরতলা, ১৯ জানুয়ারি, ২০২৬ঃ
ত্রিপুরা পূর্ণরাজ্য দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য রাজ্য নাগরিক পুরস্কার এবং স্টেটহুড ডে পুরস্কারের প্রাপকদের নাম ঘোষণা করা হয়েছে। আগামী ২১ জানুয়ারি রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যভিত্তিক অনুষ্ঠানে এই পুরস্কারগুলি প্রদান করা হবে।
রাজ্য নাগরিক পুরস্কারের মধ্যে ত্রিপুরা বিভূষণ সম্মান প্রদান করা হবে প্রয়াত শিক্ষাবিদ ধীরেন্দ্র চন্দ্র দত্তকে (মরণোত্তর) এবং ত্রিপুরা ভূষণ সম্মান প্রদান করা হবে প্রয়াত বিশ্ববন্ধু সেনকে (মরণোত্তর) ও বিশিষ্ট চিত্রনাট্য লেখক বিপ্লব গোস্বামীকে। এছাড়াও, শচীন দেববর্মণ স্মৃতি রাজ্য সম্মান প্রদান করা হবে লোকশিল্পী সূর্য কুমার দেববর্মাকে এবং মহারাণী কাঞ্চনপ্রভা দেবী স্মৃতি রাজ্য সম্মান প্রদান করা হবে কামালঘাটের চম্পা দাসকে। বিজ্ঞান ও পরিবেশ ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য স্টেট অ্যাওয়ার্ড দেওয়া হবে বীরবিক্রম মেমোরিয়াল কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর ড. অরিজিৎ দাসকে।
স্টেটহুড ডে অ্যাওয়ার্ডের মধ্যে বিভিন্ন শ্রেষ্ঠত্বের জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। গুড সিটিজেন অ্যাওয়ার্ড দেওয়া হবে পূর্ব প্রতাপগড়ের গৌতম দাসকে, শ্রেষ্ঠ স্টার্টআপ এন্ট্রাপ্রেনার হিসেবে নাগিছড়ার আটকালাপা বায়োটেকনোলজি এল.এল.পি.-কে, কৃষি ও উদ্যান ক্ষেত্রে শ্রেষ্ঠ এন্ট্রাপ্রেনার হিসেবে ধনবাবু হালামকে, মৎস্য ক্ষেত্রে মোহনভোগের কৃষ্ণ দেববর্মাকে এবং অ্যানিমেল হাসবেন্ডরি ক্ষেত্রে রতন দেবনাথকে পুরস্কৃত করা হবে।
হস্ততাঁত ও হস্তকারু / মৌমাছি পালন ক্ষেত্রে উত্তম কুমার দাস, ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রাইজে দীপক দত্ত, শ্রেষ্ঠ মোবাইল অ্যাপে সত্যব্রত বিশ্বাস, শ্রেষ্ঠ কো-অপারেটিভ সোসাইটি হিসেবে তুলামুড়া প্যাকস লিমিটেড, শ্রেষ্ঠ শিক্ষাবিদ হিসেবে লক্ষ্মণ মালাকার এবং শ্রেষ্ঠ ক্রীড়াবিদ হিসেবে শ্রীপর্ণা দেবনাথকে স্টেটহুড ডে অ্যাওয়ার্ড প্রদান করা হবে।
এই পুরস্কারপ্রাপ্তির মাধ্যমে রাজ্য প্রশাসন সমাজের বিভিন্ন ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপনকারী ব্যক্তিদের কৃতিত্ব স্বীকৃত করছে এবং ভবিষ্যত প্রজন্মকে অনুপ্রাণিত করছে।